চাটমোহর প্রতিনিধি : অধ্যক্ষের অপসারণ দাবিতে ক্লাস বর্জন শনিবার থেকে শুরু করেছেন পাবনার চাটমোহর সরকারি কলেজের শিক্ষকরা। গতকাল রবিবার সকালে সরেজমিন কলেজে গিয়ে দেখা যায়, কলেজের সকল ক্লাস বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা কলেজে এসে ফিরে যাচ্ছে। শিক্ষার পরিবেশ বিনষ্ট হওয়াসহ লেখাপড়া বিঘিœত হচ্ছে। অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে নানা দূর্নীতি ও অনিয়ম, শিক্ষকদের পদ সৃষ্টি ও প্রত্যায়নপত্রে মিথ্যে তথ্য প্রদান, প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ না করাসহ বিভিন্ন অভিযোগে এবং অধ্যক্ষের অপসারণ দাবিতে টানা বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে শনিবার থেকে শিক্ষকরা ক্লাস বর্জন কর্মসূচী শুরু করেছেন।
এদিকে শিক্ষকরা এএসপি (চাটমোহর সার্কেল) বরাবর নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। শিক্ষকরা আবেদনে উল্লেখ করেছেন, কলেজের অধ্যক্ষ ও তার স্ত্রী বহিরাগতদের নিয়ে কলেজে আসেন এবং বহিরাগত কিছু যুবককে দিয়ে শিক্ষকদের নানাভাবে হুমকি প্রদান, প্রকাশ্যে ধূমপান করাসহ অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। অধ্যক্ষ পরে তাদের নিয়ে কলেজ ত্যাগ করেন। শিক্ষকরা অভিযোগ করেন, অধ্যক্ষ ও তার সহযোগিদের ইন্ধনে কলেজ ক্যাম্পাসে প্রতিনিয়ত বহিরাগতদের অনুপ্রবেশ বেড়েছে এবং হট্টগোল করছে। অধ্যক্ষ পরিকল্পিতভাবে হট্টগোল বাধিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com