স্টাফ রিপোর্টার : রাজশাহী জোনের জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ প্রকল্পের অধীনে তাড়াশ-রানীরহাট-শেরপুর ১৭ কি. মি. রাস্তা প্রশস্থকরণ ও মেরামত কাজ শুরু হয়েছে গত ২৫ মে। মেরামতে আসল সাদা বালুর পরিবর্তে ব্যবহৃত হচ্ছে বিট বালু।
জিওবি খাতের এই সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তরের সিরাজগঞ্জ সড়ক বিভাগ। ঠিকাদারী প্রতিষ্ঠান মো. ময়েনুদ্দিন (বাঁশী) লিমিটেড এর বাস্তবায়নে প্রকল্পের চুক্তিমূল্য ধরা হয়েছে ৩০ কোটি ৯৮ লক্ষ ৫০ হাজার টাকা। প্রকল্পের প্রধান কর্মকান্ডের মধ্যে রয়েছে : তাড়াশ হতে রানীরহাট পর্যন্ত প্রশস্থকরণ, বেজটাইপ ১ দ্বারা মজবুতিকরণ,ডিবিএস ওয়্যারিং কোর্স/ওভারলে, মাটির কাজ, রক্ষাপপ্রদ কাজ,ড্রেন নির্মাণ, সাইন, সিগন্যাল ও কিলোমিটার পোষ্ট বসানো ইত্যাদি।
এদিকে কাজের শুরুতে তাড়াশ-আশানবাড়ী-নিবসাড়া অংশে রাস্তার দুপাশে ভেকু দিয়ে ড্রেন বানিয়ে তার মধ্যে আসল সাদা বালুর বদলে মাটি মিশ্রিত বিট বালু ফেলতে দেখা যায়।এর সাথে সামান্য পরিমাণে ইটের বড় বড় খোয়া মেশানো। আবার রাস্তার দুপাশের বিভিন্ন স্থাপনা অটুট রেখেই অসমান্তরাল ড্রেন করা হয়েছে। সবশেষে লক্ষ্যণীয়, বর্ষা-বন্যার মওসুম আসন্ন। অথচ রাস্তাটির সার্বিক কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com