স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে পলাশী-মনোহরপুর গ্রামীণ সড়কের একটি ব্রিজের মুখে পুকুর খননের মাধ্যমে বালু উত্তোলন করে ওই সড়কের সংস্কার কাজ করার অভিযোগ উঠেছে। এতে ব্রিজসহ আশপাশের ফসলী জমি হুমকির মুখে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, ব্রিজের অতি নিকটেই খনন যন্ত্র (এক্সাভেটর) দিয়ে বালু উত্তোলন করে গভীর পুকুরের মতো করা হয়েছে। আর ব্রিজের মুখেই মাটি দিয়ে পুকুরের পাড় বাধা হয়েছে। এদিকে পলাশী-মনোহরপুর গ্রামীন সড়কের ব্রিজের মুখে পুকুর খনন করে বালু উত্তোলন করায় হতবাক হয়ে পড়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম, খয়বর তালুকদার, সুলতান মাহমুদ, সবের আলী প্রমূখ জানান, বালু উত্তোলন করায় ব্রিজটি নিশ্চিত ক্ষতির মুখে পড়বে। তাছাড়া ব্রিজের মুখে মাটি ফেলে পানি প্রবাহের পথে বাধা দেওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়বে জনদুর্ভোগ। অসময়ে জলাবদ্ধতার কবলে পড়বে মনোহরপুর উত্তর মাঠের হাজারো কৃষকের ফসলি জমি। যার ওপর তাদের খেয়ে-পড়ে বেঁচে থাকা নির্ভর করছে। তারা শিগগিরই পুকুরটি মাটি দিয়ে ভরাট করে দেওয়ার জন্য জোর দাবি জানান। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স পদ্মা কনস্ট্রাশনের সত্বাধিকারী মো. লাকি তার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণœ হবে বলে সংবাদটি না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। প্রয়োজনে বালু উত্তোলন বন্ধ রাখার কথাও জানান। তবে পুকুরটি পূনরায় মাটি দিয়ে ভরাট করতে নারাজ। এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com