চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত শাখা নদী করতোয়ার উপর বহরমপুর-মির্জাপুর এলাকায় কোনো ব্রিজ না থাকায় প্রতিনিয়ত জনদুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে মানুষকে। ব্রিজ না থাকায় বর্ষা মৌসুমে খেয়া নৌকা ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এ এলাকার স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীসহ সব শ্রেণির মানুষকে চলাচল করতে হয়। দীর্ঘকাল ধরে এভাবেই নদী পারাপার হয়ে আসছে এ এলাকার মানুষ। একটিমাত্র ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো এখন আশপাশের ১৫ গ্রামের মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, করতোয়া নদীর পূর্ব পাড়ে অবস্থিত বৃহত্তম মির্জাপুর হাট। রবি ও বৃহস্পতিবার সপ্তাহের এ দুই দিন এ হাটে হাজার হাজার মানুষের সমাগম হয়। এছাড়া ব্যাংক, মির্জাপুর ডিগ্রি কলেজ, মির্জাপুর দাখিল মাদ্রাসা, মির্জাপুর উচ্চ বিদ্যালয়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিমাইচড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ইউনিয়ন ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান নদীর পূর্ব পাড়ে অবস্থিত। ফলে নদীর পশ্চিম পাড়ের বহরমপুর, বেলগাছি, মামাখালী, চিনাভাতকুর, করকোলা, গৌড়নগর, বিন্যাবাড়ি, চরসেনগ্রাম, নটাবাড়ি, ধানকুনিয়া, বরদানগরসহ এর আশপাশের গ্রামের মানুষকে এ সাঁকো পার হয়ে মির্জাপুরে যেতে হয়। আবার নদীর পূর্ব পাড়ের কয়েক গ্রামের মানুষকে পশ্চিম পাড়ের গ্রামগুলোতে যেতে এ সাঁকো পার হতে হয়। এব্যাপারে নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ কামরুজ্জামান খোকন বলেন, এখানে ব্রিজ নির্মাণ অত্যাবশ্যক হয়ে পড়েছে। এটি এখন মানুষের জনদাবিতে পরিণত হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com