স্টাফ রিপোর্টার : তাড়াশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রীমতি সনজিতা রানী উরাঁও (২৫) নামের এক গৃহবধুকে বেধরক পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত গৃহবধু উপজেলার বারুহাস ইউনিয়নের রানীদিঘী গ্রামের শ্রী অখিল উরাঁওয়ের স্ত্রী। গত বৃহস্পতিবার বিকেলে ওই গৃহবধুর নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। রবিবার এ ঘটনায় আদালতে মামলা হয়েছে।
সরেজমিন ও মামলা সূত্রে জানা গেছে, অখিল উরাঁও তার বসতঘরের আঙিনায় একটি বাটুল গাছের ছোট ছোট কয়েকটি ডাল কাটছিল। ওই সময় তার তিন চাচাত ভাই সুহাদেব উরাঁও (৩০), জয়দেব উরাঁও (৩২) ও সুদেব উরাঁও (৩৫) গাছটি তাদের বাড়ির সীমানায় বলে কাটতে বাধা দেয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে তিনভাই মিলে অখিল উরাঁওকে মারধর শুরু করে। এ সময় স্বামীকে বাঁচাতে স্ত্রী সনজিতা রানী উরাঁও এগিয়ে গেলে তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় ও পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত গৃহবধুর ইঞ্জুরি রিপোর্ট থেকে জানা যায়, বেধরক পিটানোর কারণে কপাল ও মাথার পেছেনে ফেটে যায় এবং ডান হাত ভেঙে যায়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com