তাড়াশ প্রতিনিধি : চলনবিলের তাড়াশে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় গত জুলাই মাসের বেতন ও কোরবানীর ঈদের বোনাস থেকে বঞ্চিত হয়ে রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে কর্ম বিরতি শুরু করেছেন ১৬ জন শিক্ষক-কর্মচারী। গত মঙ্গলবার থেকে তারা পাঠদান কার্যক্রম বিরত রেখেছেন ।
এদিকে শিক্ষক-কর্মচারীদের কর্ম বিরতির কারণে চরম বিপাকে পড়েছেন বিদ্যালয়টির সারে পাঁচ শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থী রানিম সরকার, আব্দুল বারিক, সুজন মাহমুদ, সিমা খাতুন, নুসরাত জাহানসহ অনেকে জানান, প্রধান শিক্ষকের কারণে শিক্ষক কর্মচারীরা বেতন বোনাস থেকে বঞ্চিত হয়ে কর্ম বিরতি পালন করছেন। এতে তাদের পাঠদানে চরম বিঘœ ঘটছে। শিগগিরই বিষটি সমাধান না হলে আসন্ন জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হয়ে তাদের শিক্ষা জীবন নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে প্রধান শিক্ষক রবি উজ্জামান নান্নু বলেন, হাজিরা খাতায় শিক্ষক কর্মচারীদের স্বাক্ষর নেই। নিয়মানুযায়ী তাদের বেতন বোনাস বন্ধ রাখা হয়েছে।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফি উল্লাহ বলেন, ইতোমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেনকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি উভয় পক্ষ নিয়ে আলোচনায় বসবেন। বিশেষ উল্লেখ্য, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই স্কুলের শিক্ষক-কর্মচারীগন দীর্ঘদিন যাবৎ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে আসছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com