চাটমোহর (পাবনা) প্রতিনিধি
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার পাবনার চাটমোহরে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। উপজেলা ও পৌর পূজা উদযাপনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিলো পূজা অর্চনা,আলোচনা সভা,ধর্মীয় আলোচনা,কীর্তন ও মহা প্রসাদ বিতরণ।
এ উপলক্ষে সকাল ১১টায় পৌর শহরের শ্রী শ্রী রাধাবল্লভ বিগ্রহ মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্যের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।বক্তব্য দেন, এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী মুমিন মুজবুল হক সমাজী টুটুল, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক,থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান,বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম, এ এম জাকারিয়া,রবিউল করিম তারেক, এপিপি অ্যাডভোকেট সাইদুর রহমান, ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীম, তরুন কুমার পাল প্রমুখ।
আলোচনা সভা শেষে বের হয় জন্মাষ্টমীর বর্নঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্সিণ করে। এছাড়া ছিলো কীর্তন ও মহা প্রসাদ বিতরণ। এদিকে উপজেলা হান্ডিয়াল জগন্নাথ দেবের মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে ছিল নানা আয়োজন। সকালে বের হয় শোভাযাত্রা।
চাটমোহরের খোরশেদ দ্বিতীয় বিয়ে করে বিপাকে
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রথম স্ত্রী মারা যাবার পর দ্বিতীয় বিয়ে করে বিপাকে পড়েছেন রাজমিস্ত্রী খোরশেদ আলম (৫৬)। খোরশেদ চাটমোহর পৌর সদরের ছোট শালিখা (কালিনগর) মহল্লার আকবর আলীর ছেলে।
তার ১ম স্ত্রী দুরারোগ্য ব্যাধিতে মারা যান। গত ২৮ আগস্ট খোরশেদ দ্বিতীয় বিয়ে করেন তার পূর্ব পরিচিত চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের দোদারিয়া গ্রামের মৃত মতলেব আলীর মেয়ে মাজেদা খাতুন (৫৫) কে। দ্বিতীয় বিয়ে প্রায় ৪ মাস আগে মাজেদা তার আগের স্বামী মোছাদ্দেক আলী সরকারকে তালাক দেন। এরপর খোরশেদ ৩০ হাজার ১ টাকার কাবির মূলে রেজিস্ট্রি করে বিয়ে করেন মাজেদাকে।কিন্তু বিয়ের পর মাজেদা আর খোরশেদের বাড়িতে আসে না। নানা অজুহাতে নিজ বাড়িতেই থেকে যায়। বিপত্তি ঘটে বিয়ের ৩ দিন পরেই্ মাজেদার বাড়িতে এসে হাজির হন তার প্রথম স্বামী ও ছেলে। ১ম স্বামী মোকাদ্দেসকে নিয়ে বসবাস শুরু করেন মাজেদা। যোগাযোগ বন্ধ করে দেন খোরশেদ আলমের সাথে। খবর পেয়ে খোরশেদ তার স্বজনদের পাঠায়, কিন্তু মাজেদা জানায় সে আর খোরশেদের কাছে যাবে না।
বিষয়টি এলাকায় জানাজানি হয়। শুরু হয় সমালোচনা ও মুখরোচক নানা গল্প। আলোচিত হচ্ছে ‘ মাজেদার এখন দুই স্বামী’। এদিকে রাজমিস্ত্রী খোরশেদ আলম গত বৃহস্পতিবার মাজেদার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে চাটমোহর থানায় একটি অভিযোগ দিয়েছেন।খোরশেদ আলম জানান, আগের স্বামীকে ৪ মাস আগে তালাক দিয়ে আমাকে বিয়ে করেছে মাজেদা। এখন কী করে আগের স্বামীর সাথে খাকছে। আমার কাছ থেকে টাকা পয়সা, গহনা নিয়েছে। আমি এই প্রতারণার বিচার চাই।এ ব্যাপারে কথা বলার জন্য দোদারিয়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসবাসকারী মাজেদা খাতুনের সাথে যোগাযোগ করা হলে, তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, মাজেদার আগে স্বামীর সাথে আছে। এখন বাড়িতে নেই। মোবাইল ফোন নম্বরও বন্ধ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com
