বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও পরিবর্তন সংস্থার বাস্তবায়নে সিরাজগঞ্জ জেলাধীন তাড়াশ উপজেলার সমতল আদিবাসী অধ্যুষিত মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামের ২২টি ক্ষুদ্র নৃগোষ্ঠির পরিবারের জন্য নির্মিত ১৪টি নলকুপ এবং ৮টি সেমিপাকা টয়লেট এর উদ্বোধন করা হয়েছে।
সামাজিক দূরত্ব মেনে গত ১৩ মে সকাল ১০টায় উক্ত খাবার পানির নলকুপ ও সেমি পাকা টয়লেট মাধাইনগর গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠির ২টি নারী প্রধান পরিবারসহ মোট ২২টি পরিবারের ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি মাধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু হাসান মির্জা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে তাড়াশ উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মেহেদী হাসান, ইউপি সদস্য মো. মান্নান প্রামানিক, মাধাইনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হান্নান, বিশিষ্ট সমাজসেবক সানোয়ার হোসেন, আদিবাসী নেতা সাধন চন্দ্র বসাক, সাংবাদিক লুৎফর রহমান , আব্দুল মাজেদ এবং গোলাম মোস্তফা প্রমুখ। উদ্বোধনীতে আরো উপস্থিত ছিলেন পরিবর্তনের পরিচালক আবদুর রাজ্জাক রাজু , সমন্বয়কারী রোখসানা খাতুন ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর মনিরুল ইসলাম। এ সময় অতিথিগণ উপকারভোগীদের কয়েকটি টিউবওয়েল ও টয়লেট পরিদর্শণ করেন।
উল্লেখ, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০১৯-২০২০ অর্থবছরে বিশেষ বরাদ্দ অনুদানের সাহায্যে ১ম পর্যায়ে “ক্ষুদ্র নৃগোষ্ঠির সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন কর্মসূচির” আওতায় জরীপের মাধ্যমে শনাক্তকৃত ২২টি আদিবাসী পরিবারে উপরোক্ত প্রকল্প বাস্তবায়ন করেছে ফাউন্ডেশনের সহযোগী সংস্থা পরিবর্তন। এর মধ্যে ১৪টি হস্তচালিত নলকুপ এবং ৮টি সেমিপাকা টয়লেট। তিন মাস মেয়াদি প্রকল্পের ২য় পর্যায়ে একই গ্রামের আরো ১২টি আদিবাসী পরিবারে সেমিপাকা টয়লেট নির্মাণ করে দেয়া হবে। এই প্রকল্পে মোট ৫ লাখ টাকা অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com