চলনবিল বার্তা ডেস্ক : টিভি নাটক আমাকে আর টানে না বলেই ছেড়ে দিয়েছি। তবে তাই বলে চলচ্চিত্রের জন্য যে মরিয়া হয়ে যাবো এমনটা নয়। আমি নিজের প্রতি ভীষণ আত্মবিশ্বাসী, এ কারণে বরাবরই আমি বেছে বেছে কাজ করি।—কথাগুলো অভিনেত্রী স্পর্শিয়ার।
বর্তমানে স্পর্শিয়া চলচ্চিত্রের প্রতি বেশি নজর দিচ্ছেন। সামনে আসছে তার দুটি নতুন চলচ্চিত্র। অনন্য মামুনের ‘বন্ধন’ এবং নুরুল আলম আতিকের নতুন একটি চলচ্চিত্র।
চলচ্চিত্রের ক্ষেত্রে ফ্যান্টাসি বা শাকিব খানের বিপরীতে কমার্শিয়াল ছবিতে কাজের ব্যাপারে আগ্রহী কি-না জানতে চাইলে স্পর্শিয়া বলেন, ‘আমার চরিত্রে কোনোকিছু করার না থাকলে বা গুরুত্ব না থাকলে সালমান খানের সঙ্গেও কাজ করতে আমি চাই না। চলচ্চিত্রে কোনো নায়কের পুতুল হিসেবে কাজ করতে পারবো না।’
তবে বর্তমানে টিভি নাটকের বিরতিতে থাকলেও ভালো গল্প হলে আবারো ফিরবেন বলে জানালেন স্পর্শিয়া। এর বাইরে নিজের প্রডাকশন হাউজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। স্পর্শিয়া বলেন, ‘আমাকে আমার পরিবারের দায়িত্ব নিতে হয়। তাই এমনকিছু করতে চাই যেখানে নিজে স্বচ্ছন্দ্যে থাকতে পারি এবং একইসঙ্গে ভালোমানের ছবিতেও কাজ করতে পারি।’
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com