আবদুর রাজ্জাক রাজু
স্থানীয় উন্নয়ন প্রেক্ষাপটে জনপ্রতিনিধি ও সরকারী প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা বরাবরই অনস্বীকার্য এবং অপরিহার্য। ২৪ এর জুলাই অভ্যুত্থানের পর থেকে অদ্যাবধি দেশে জাতীয় নির্বাচন হলেও স্থানীয় সরকার ব্যবস্থায় একটা অচলাবস্থা চলছে নির্বাচন না হওয়ার দরুন। এখনও কোথাও প্রশাসক নিয়োগ ছাড়া নতুন নির্বাচিত জনপ্রতিনিধি নেই। এই প্রেক্ষাপটে সিরাজগঞ্জ জেলার তাড়াশে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বর্তমান ইউএনও যোগদান করেন সম্ভবত ২০২৫ সালের জুন মাসে। সেই হিসেবে তাড়াশে তার বর্তমান কার্যকাল প্রায় দেড় বছর হতে চলেছে বলে মনে হয়। একজন নারী ইউএনও হিসেবে তার আগমন ঘিরে তাড়াশের কতিপয় মানুষ প্রথমে উৎসাহিত-উচ্ছসিত হয়ে তাকে ফুলেল স্বাগত শুভেচ্ছা জানিয়েছিল। আশাবাদী এলাকাবাসী ভেবেছিলেন, একজন নারী প্রশাসক হিসেবে তিনি স্বভাবতই হবেন জনবান্ধব, গণমুখি, নীতিবান, সৎ,জনদরদী, সংবেদনশীল ও মানবতাবাদী। আমরা জানি, ইউএনও আসে-ইউএনও যায়, এটা সরকারী রুটিন শিডিউল। যাবার বেলা প্রায়শই কেউ নিয়ে যায় যশ- সুনাম, কেউ বা পেছনে রেখে যায় তার বিপরীত নিন্দা-দুর্নাম। আমি দেখেছি, এমনও ইউএনও তাড়াশ থেকে অনেক দিন আগে চলে গেছেন, এখানকার লোকেরা আজো ফোনে তার খোঁজখবর রাখে, ফেসবুকে তাকে স্মরণ করে পোষ্ট দেয়, কমেন্টস করে, কেউ বা ঢাকায় গেলে তার সাথে সাক্ষাতের চেষ্টা করে। এটা ওই কর্তা ব্যক্তির গুনমুগ্ধতায় মানুষের আন্তরিকতা ও কৃতজ্ঞতার বহি:প্রকাশ। দেশের প্রচলিত নিয়মানুযায়ী সরকারী কর্মচারীদের গোপন এসিআর দেয় তাদের সংশিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ।অনেক সময় তার উপর সংশ্লিষ্ট কর্মকর্তার প্রমোশন-ডিমোশন নির্ভর করে। কিন্তু তাদের ভুলে যাওয়া উচিৎ নয়, সংবিধান মতে দেশের মালিক জনগণ, তারা জনগণের প্রভু নয়, সেবক মাত্র। তাই সরকারী কর্মকর্তা-কর্মচারীদের কাগজ-কলমে নিয়ম যাই থাক, প্রকৃত আমলনামা জনমানুষের হাতে। জনগণের মূল্যায়নই চূড়ান্ত অর্থে অভ্রান্ত এবং নিরংকুশ। একজন কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করে অন্যত্র চলে গেলেও ন্যূনতম তার নামে “গণদোয়া” ও “গণগুঞ্জণ” জারী থাকে দীর্ঘ দিন। কেননা আমজনতা সহসাই প্রশাসকদের স্মৃতি ভুলে যায় না। সেজন্যই ইউরোপীয় বা স্ক্যান্ডিনেভিয়ান পশ্চিমা সভ্য উন্নত গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সরকারী কর্মচারীরা জনগণকে প্রভু মেনে অধিক শ্রদ্ধা-সমীহ করে। এমনকি জনগণকে দেখে সর্বদা তটস্থ থাকে। কারণ সাধারণ মানুষ অখুশী হলে তাদের যে কোনো মুহুর্তে চাকুরী লাটে ঊঠতে পারে। অবার খুশী থাকলে নিদেন পক্ষে তার দু:শ্চিন্তার কোনো কারণ থাকে না। তেমন রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে জনগণই রাষ্ট্রকে শাসন করে। যদিও আমাদের দেশে এর উল্টো চিত্রই দেখা যায়।
তাড়াশের বর্তমান মহিলা ইউএনও আধুনিক সমাজ ব্যবস্থার আলোকে এর বাইরে থাকার কথা নয়। তার আমলের একটা সালতামামী করলে আমরা যা দেখতে পাই। তিনি তাড়াশ এসে শুনলেন, জানলেন তাড়াশের সমস্যা ও উন্নয়নের কথা, এর পশ্চাৎপদতার কাহিনি। লোকেরা কথাছলে তাকে উপজেলার অভিভাবকও বলে থাকেন। তাই প্রথমেই তাকে বলা হল, নিস্প্রাণ উপজেলা পাবলিক লাইব্রেরীটা সচল-সক্রিয় করার পদক্ষেপ নিতে যেহেতু তিনি এর মূখ্য কর্ণধার। অধিকন্ত আরো একটি নতুন গণগ্রন্থাগারের (পাবলিক লাইব্রেরী) সরকারী বরাদ্দ পাওয়ার কথাও তিনি নিজেই জানান মানে প্রকাশ করেন। তার জন্য নতুন স্থান নির্বাচন বিষয়েও আলোচনা হয় স্থানীয় নেতৃবৃন্দের সাথে খোলাখুলিভাবে। কিন্তু প্রায় বছর পার হতে চললো, কাজের কাজ কিছুই হল না। বরং পুরাতন উপজেলা পাবলিক লাইব্রেরীর সার্বিক সমস্যা তিনি ধামাচাপা দিলেন। এর আহবায়ক কমিটি পর্যন্ত করলেন না। সেটা এখন মৃত পড়ে আছে। উল্লেখিত নতুন বরাদ্দের বিষয়ও তিনি এড়িয়ে গেলেন। আর বর্তমান পাবলিক লাইব্রেরী সংস্কারের নামে বরাদ্দটা রহস্যজনকভাবে গায়েব হয়ে গেল। এ যেন অবারিত স্বেচ্ছাচারিতা। জবাবদিহির বালাই নেই। এবার আসুন, তাড়াশ শিশুপার্ক উন্নয়ন প্রসঙ্গে।সবাই জানে, এখানে পৌর এবং উপজেলা পরিষদ তরফে কোন সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই বারবার কাজের নামে অকাজ করে টুপাইস কামানোর ব্যবস্থা হয়েছে। বাঁশ বাজার ও শিশু পার্ক যেন সমার্থক, অথচ একই অঙ্গনে দুটি সাংঘর্ষিক পরিবেশের সমাহার। বাঁশ মার্কেটের লিজ থেকে প্রাপ্ত সামান্য অর্থের লোভে এই অশোভনীয় কাজটি করা হয়েছে ওই পার্কের প্রবেশ পথে বাঁশের পসড়া বসিয়ে। আবার শিশু পার্কও লীজ দেয়া হয়েছে বলে জানা গেল।
এরপর দেখুন, তাড়াশ পৌরসভার অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি তুঙ্গে। এ নিবন্ধ তৈরীর সময় সদ্যই বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত পৌর উপ-প্রকৌশলী এবং ঠিকাদার মিলে ব্যাপক অংকের সড়ক অবকাঠামো কাজের অর্থ নয়ছয়ের খবর যেন কোন ব্যাপারই না।বিশেষ করে উক্তপৌর উপ-প্রকৌশলীর রামরাজত্ব কায়েমের খবর স্থানীয় পত্রিকার নববর্ষ সংখ্যাতেও ফলাও করে ছাপা হয়েছে। অপরদিকে পৌর সদরে নির্মিত ডাস্টবিন বক্সের সবগুলোই প্রায় অব্যবহৃত আর অকেজো পড়ে আছে যত্রতত্র, প্লাস্টিক ময়লার পাত্রগুলো অধিকাংশই অব্যবহৃত পড়ে থাকে। । তাড়াশ সরকারী গার্লস হাইস্কুলের সামনে বাটুল উকিলের বাসার কাছে রাস্তার কিয়দংশের ত্রুটিজনিত দুর্দশা অনুরুপ পশ্চিম ওয়াপদাবাঁধের বটতলার কাছে রাস্তায় অটোভ্যানের বা যানবাহনের প্রবল ঝাঁকুনী না খেলে কেউ টের পাবে না এই পৌরসভার সেবার মান সম্পর্কে। পৌর এলাকার অনেক রাস্তার বেহাল দশাও অবর্ণনীয়, আরও কত কী।অথচ এটা একটা তৃতীয় শ্রেণির স্থানীয় পরিষদ। পৌর প্রশাসক হিসেবে এসবের দায় ইউএনও এড়াতে পারেন না। আরেকটা ছোট্র ব্যাপার বিশেষ লক্ষ্যনীয়।তাড়াশ উপজেলা পরিষদের ২টি প্রবেশ গেটে কোন আকর্ষণীয় কিংবা মানসম্পন্ন সাইনবোর্ড নেই বিগত প্রায় ৩ বছর যাবৎ। বহু লেখালেখির পর অবশেষে বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে পশ্চিমের তোরণে হস্তলিখিত পরিচিতিমূলক দেয়াল লিখন সম্পন্ন করার মাধ্যমে এই উপজেলাকে অত্যন্ত নি¤œমানের, পশ্চাৎপদতা ও হেয় প্রতিপন্ন করে বহিরাগত পরিদর্শকদের কাছে এই উপজেলাবাসীর ভাবমূর্তি নি:সন্দেহে ক্ষুন্ন করা হয়েছে। পূর্ব পাশের দ্বিতীয় প্রবেশ গেটে আজো কিছু লেখা হয়নি। সেটা এখনও ফাঁকা পড়ে আছে। অপরদিকে উপজেলা চত্বরের পশ্চিমাংশে মাইক্রোবাস, বাস-ট্রাক ও কোচের ডিপো করার মধ্য দিয়ে এই প্রশাসনিক জোনকে যেন গাড়ী পার্কিংয়ের উপযুক্ত স্থানে পরিণত করার সুযোগ করে দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ ভবনের ঠিক পেছনেই উত্তরের বাউন্ডারী প্রাচীর নড়বড়ে এবং সেকেলে ধরনের। ওখানে বাস ও অটোভ্যানের চালক -হেলপারদের প্রাকৃতিক কর্ম সম্পাদনের নিরাপদ জায়গা। তাছাড়া তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনের উত্তর পশ্চিম কর্ণার ঘেঁষে প্রভাবশালীদের অবৈধ কয়েকটি ঘর পরিষদ প্রাঙ্গনে ভাড়া দিয়ে চুটিয়ে ব্যবসা করে যাচ্ছে। কাপড় মুকানো আর লাউয়ের জাংলা করার দৃশ্য কারো চোখে পড়ে না মনে হয়। আবার ওই একই জায়গা থেকে দক্ষিণপাড়াগামী পৌর রাস্তা উপর জুরে বসে দোকান ও চা-স্টল বসিয়ে রাস্তা দখল করে রেখেছে প্রশাসনের একেবারে নাকের ডগার ওপরে। এসব অশোভনীয়, অপরিচ্ছন্ন- অসৌন্দর্যের দিকে এই ইউএনও-র দৃষ্টি যায় না।
এবার আসি ভিন্ন প্রসঙ্গে। গত দু’বছরের অধিক হল এই উপজেলায় সরকারী বিধি মোতাবেক এনজিওদের সঠিক নিয়মে কোনো মাসিক সমন্বয় সভা হয় না। কারণ বর্তমান ইউএনও মনে হয় তা করতে আগ্রহী নয়। আবার যা-ও হয় তা দায়সারা গোছের। অবশ্য তার আগের কর্মকর্তারাও বৈঠক করেননি। অথচ তার বস্ সিরাজগঞ্জের জেলা প্রশাসক মহোদয় জেলা পর্যায়ে একই সভা ঠিকই নিয়মিত করে চলেছেন। এবং সেখানে নির্দেশনা আছে মাস শেষ হওয়ার অনেক পূব্র্ইে উপজেলা এনজিও সমন্বয় সভা সম্পন্ন করে জেলায় রিপোর্ট করতে হবে। এছাড়া উপজেলা প্রশাসনসহ তাড়াশ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কমিটিগুলো দীর্ঘ দিন নিস্ক্রিয় তথা অকার্যকর পড়ে আছে। এগুলোর গুরুত্ব-তাৎপর্য কম নয়। এ নিয়ে সম্প্রতি পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। উপজেলার “মধ্যমনি” হিসেবে এটা দেখার দায় অনেকাংশে ইউএনও-র তা বলাই বাহুল্য। তিনি স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিজ্ঞাপন বন্টনে, প্রেস আমন্ত্রণ প্রদানে ও গণমাধ্যম কর্মীদের পক্ষে যোগাযোগে সাড়া দানে চরম বৈষম্য করে থাকেন। বহুবার বলা ও বার্তা প্রেরণ সত্বেও তাড়াশের একমাত্র পত্রিকা সাপ্তাহিক চলনবিল বার্তাকে বা পরিবর্তন এনজিওকে তিনি কখনই কোনো সরকারী প্রোগ্রামে বা অনুষ্ঠানে আমন্ত্রণ দেননি। বরং বিশেষত: এই প্রকাশনার প্রতি অজ্ঞাত কারণে সুস্পষ্ট বিমাতাসুলভ আচরণ করে চলেছেন যা খুবই দু:খজনক।
মূল ধারার পেশাদার সাংবাদিকদেরও তিনি কোন সন্মান বা পাত্তা দেন না। যদিও তিনি রহস্যজনকভাবে এ ব্যাপারে বিশেষ একদিকে ঝুলে গিয়ে অনৈতিকভাবে অপসাংবাদিকতায় জড়িতদের তার পাশে স্থান দিয়ে পক্ষপাত দুষ্টের আখ্যা লাভ করেছেন যা এলাকার সাংবাদিক মহল ও সচেতন নাগরিক সমাজের কাছে প্রশ্নের জন্ম দিয়েছে। এক্ষেত্রে তার দিক থেকে ন্যায়-নিরপেক্ষ ভারসাম্যপূর্ণ সুবিবেচনাপ্রসূত আচরণ কাম্য বা প্রত্যাশিত ছিল। শুধু তাই নয়, যারা তাবেদারী, চামচাগীরি ও আপসকামী সাংবাদিকতা করে না, এই কর্মকর্তা সুচতুরভাবে তাদের উপেক্ষা ও অশ্রদ্ধা করে গেছেন। গণমাধ্যম ও সরকারী প্রশাসনের মধ্যে শুভ সেতুবন্ধ রচনার বা সুসম্পর্কের উদার ও প্রগতিশীল চেতনার কথা না ভেবে তিনি সাংবাদিকতাকে প্রতিপক্ষ এবং বৈরিতার সংকীর্ণ দৃষ্টিকোন থেকে দেখেছেন তা আমরা সুক্ষ্মভাবে খেয়াল করেছি।
প্রসঙ্গান্তরে তাড়াশ উপজেলায় অপ্রতিরোধ্য পুকুর খনন, সে কারণে ব্যাপক জলাবদ্ধতা, বার বার সার কেলেংকারী, সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির অব্যাহত সিন্ডিকেট, উপজেলা ভূমি ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর লাগামহীন দুর্নীতি, সোঁতিজাল ও চায়নাদুয়ারী জালের দৌরাত্ম্য, স্থানীয় হাসপাতালের অব্যবস্থাপনা, মাদক, চাঁদাবাজি , অবশেষে তেল সিন্ডিকেট ইত্যাদি; এগুলোর কোন্ বিষয়টাতে তিনি নজর দিয়েছেন বা হস্তক্ষেপ করেছেন, কেউ বলতে পারবে কি? বরং তার পুকুর খনন ও তেল কেলংকারী বিষয়ে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে দ্বনদ্বে ও বিতর্কে জড়িয়ে পড়েছেন। উপজেলার প্রশাসনিক নেতা ও নিয়ন্ত্রক হিসেবে এগুলো কি তার দেখার ও পদক্ষেপ নেওয়ার কথা ছিল না। আরো আছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স খুলে দিয়ে তার আংশিক নিয়মানুযায়ী ভাড়া দেয়া, তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনার সুরক্ষা ব্যবস্থা, সদরে খেলার মাঠের পদক্ষেপ, তাড়াশ পৌর সদর বাজারের ড্রেনেজ ব্যবস্থা, বাজারটির আধুনিকায়ন তথা সার্বিক উন্নয়ন, সদরে একটি ভ্যান গ্যারেজ প্রতিষ্ঠা, নিমগাছি সমাজভিত্তিক মৎস্যচাষ পুকুরের অনিয়ম-অব্যস্থাপনা, তাড়াশ বাস স্ট্যান্ড নির্মাণ, সিএনজি স্ট্যান্ড, বাজারের চার রাস্তার আলেপ মোড়ের যানজট, কাঁচা বাজারের দৈনদশা (ঈদগাহ মাঠের দক্ষিণে) ও বাজারের মধ্যে উভয়পাশে রাস্তা দখল ও দোকান করে চট টানিয়ে একটা আদিম দৃশ্যের অবতারণা ইত্যাকার দৌরাত্ম্য বা সিন্ডিকেট সমস্যার সমাধান বা উন্নয়নে কোথায় তার দৃশ্যমান অবদানের স্বাক্ষর আছে বলে প্রতীয়মান হবে! পক্ষান্তরে অতি সম্প্রতি তাড়াশে তেল কেলেংকারীর অপবাদ রূখতে তাকে আবার সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ জাহির করতে হল। এটাতো কোন সুস্থ, স্বস্তিদায়ক ও সুখকর খবর হল না উপজেলার একজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার ভাবমূর্তির জন্য।
এবার যাই রাজনীতির প্রসঙ্গে। সম্প্রতি ইউএনও তাড়াশ সদরে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে তার বক্তৃতায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় কী হইচই যে হল, বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে। জানা যায়, শেষতক এলাকার মাননীয় সাংসদের মধ্যস্থতায় বা হস্তক্ষেপে পরিস্থিতি হল শান্ত। আবার উপজেলা জামাতে ইসলামীর মতে, এই ইউএনও তাদের গোনে না বা পাত্তা দেয় না। কোন জাতীয় দিবসের প্রোগ্রামে তারা আমন্ত্রণ পায় না। তাদের ভাষায় এটা ইউএনও-র অগণতান্ত্রিক আচরণ। ফেসবুক পোস্টে অতি সম্প্রতি তারা বলছেন, দলবেঁধে ওরা ইউএনও-র দপ্তরে গিয়ে তারা এর প্রতিবাদ জানাবেন। এটা ঠিক যে উক্ত কর্মকর্তা জ্ঞানী-গুণীজনদেরও কোন কদর দেন না- এই লেখকও তা লক্ষ্য করেছেন। তিনি রাজনীতির চেলা-চামুন্ডাদেরও অনেক ক্ষেত্রে অতীব সমীহ করে চলেন।এমনকি কোন মিটিংয়ে কাকে আমন্ত্রণ দেবেন সে এসাইনমেন্ট স্থানীয় সাংসদের নির্দেশে করে থাকেন বলে জানান। অথচ এলাকার সূধীজন, নাগরিক সমাজ ও সাধারণ আমজনতা তার কাছে যেতে ও সাক্ষাৎ করতে সংকোচ বোধ করে , এমনকি ভয় পায় – সে কথা প্রায়ই শুনে থাকি। এই কর্তা ব্যক্তির পিওন-কেরানীদের দৌরাত্ম্য ও নৈরাজ্য বর্ণনার অতীত, তারও প্রত্যক্ষদর্শী এই প্রতিবেদক। তাই তো মানুষ বলে থাকে, যোগ্য, দক্ষ, জনপ্রিয় এবং জনগণের পাল্স বোঝার মতো সক্ষম সাধারণের শ্রদ্ধাভাজন প্রশাসনিক কর্মকর্তা সবাই হতে পারে না। গণমানুষের কাছে স্মরণীয়-বরণীয় আর প্রশংসার পাত্র হতে পারেন নখে গোনা দু’একজন। মনে রাখতে হবে ২৪ এর জুলাই-আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মূল জনআকাংখা ও স্বপ্নই ছিল বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দেশপ্রেমিক , গণমুখি ও জনবান্ধব গণতান্ত্রিক প্রশাসনিক সেবা প্রাপ্তি। অতএব অতীতের স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসনামলের প্রভুত্ববাদী প্রশাসনিক আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবণতা আমাদের মনমানসিকতা থেকে ঝেড়ে ফেলতে বা দূর করতে না পারলে দেশের ও জাতির প্রকৃত প্রত্যাশিত পরিবর্তন এবং উন্নয়ন সম্ভব নয় – সে কথা প্রায় নিশ্চিত করেই বলা যায়।
লেখক : সম্পাদক, সাপ্তাহিক চলনবিল বার্তা। তাড়াশ , সিরাজগঞ্জ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com