তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আসন্ন দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপি নেতা মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সততা, ন্যায়পরায়ণতা এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের আত্মত্যাগের কারণে সাধারণ মানুষের মনে তিনি ইতিমধ্যে আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছেন।
দীর্ঘদিন ধরে দেশীগ্রাম ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার আদায় এবং দলীয় আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই নেতা। তিনি দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই কমিটির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সদ্য সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। নেতৃত্বের প্রতিটি ধাপে সততা ও দক্ষতার স্বাক্ষর রেখে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের হৃদয়ে গভীর স্থান করে নিয়েছেন।
রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদ সবসময় ছিলেন সামনের সারির লড়াকু সৈনিক। বিশেষ করে, ১/১১-এর কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে তাঁকে চরম দমন-পীড়নের শিকার হতে হয়। ওই সময়ে আইন প্রয়োগকারী সংস্থা র্যাবের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে তিনি কারা বরণ করেন। নানা প্রতিকূলতা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করার পরও তিনি কখনো দেশীগ্রাম ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন থেকে পিছপা হননি।
সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকা এই নেতার গণসংযোগ ও জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদ চেয়ারম্যান নির্বাচিত হলে দেশীগ্রাম ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর এই সৎসাহস, আপসহীন মনোভাব এবং ত্যাগের ইতিহাস ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে এক নতুন আশার সঞ্চার করেছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com