আশরাফুল ইসলাম আসিফঃ
সিরাজগঞ্জের তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বিনসাড়া এলাকায় প্রতি রবিবার ও বুধবার সড়কের ওপর ধানের হাট বসানোকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ব্যস্ততম এ সড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের, শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।
স্থানিয় সাংবাদিক ও উন্নয়ন কর্মী গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, হাটের দিন সড়কের দুই পাশের পরিবর্তে প্রায় পুরো সড়কজুড়ে ধান কেনাবেচা চলে। এতে যানবাহন চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় ট্রাক, বাস, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন দীর্ঘ সময় আটকে থাকে। বিশেষ করে সকাল থেকে বিকেল পর্যন্ত এ দুর্ভোগ তীব্র আকার ধারণ করে এবং অনেক সময় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জ্যামে আটকে থাকা মোটরসাইকেল আরোহী জন্তিপুর গ্রামের মোঃ হাফিজুর রহমান জানান, জরুরি প্রয়োজনে হাসপাতালে যাওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো কিংবা কর্মস্থলে যাতায়াত করতে গিয়ে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। দীর্ঘ যানজটের কারণে সময় ও অর্থ দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়ছেন তারা।স্থানীয় সচেতন মহলের দাবি, সড়কের ওপর হাট বসানো সম্পূর্ণ বন্ধ করে নির্ধারিত স্থানে ধান কেনাবেচার ব্যবস্থা করা হোক। পাশাপাশি জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, বিনসাড়া হাটের ইজারাদারদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করা হয়েছে। কোনো অবস্থাতেই রাস্তার মাঝখানে হাট বসানোর সুযোগ নেই। বিষয়টি দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#
চলনবিল বার্তা chalonbeelbarta.com