গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
গুরুদাসপুরে যৌন হয়রানিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও রুম টু রিড বাংলাদেশ নাটোর অফিসের সহযোগিতায় এ মতবিনিময় হয়। এতে সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
অনুষ্ঠিত সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে বিদ্যমান নীতিমালা বাস্তবায়ন, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আখতার, রুম টু রিড বাংলাদেশ-নাটোর অফিসের ব্যবস্থাপক ইউসুফ আলী, চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আক্কাছ, প্রধান শিক্ষক আব্দুল মজীদ, সুপার ওসমান গনি এবং নেগার সুলতানা রেখা, মাসুদুল হক আলেক প্রমূখ।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে পরিণত করতে যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, গণমাধ্যম ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। বক্তারা যৌন হয়রানির ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, যৌন হয়রানি প্রতিরোধে শুধু আইন প্রয়োগই নয়, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com