অভিযুক্ত তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের তাড়াশে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে অংশ নেয় মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
শিক্ষার্থীরা বলেন, বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ আরও চারজন শিক্ষক বেশ কিছুদিন ধরে যৌন হয়রানি করে আসছেন আমাদের। আমরা ভয়ে কিছু বলতে পারিনি।যৌন হয়রানির ভিডিও মোবাইলে ধারণ করে ভয় দেখাতেন শিক্ষকরা। নিরুপায় হয়ে অভিযুক্ত শিক্ষকদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছি।
মানবাধিকার কর্মী মো. ফয়সাল বিশ্বাস ও অভিভাবক সদস্য অন্তর কুমার মাহাতো বলেন, বিষডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের একাধিক শিক্ষার্থীকে ধারাবাহিক যৌন হয়রানির অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষকদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছেন । শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি গুরুতর অপরাধ। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
এদিকে শিক্ষকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠায় তাৎক্ষণিক বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। তিনি যৌন হয়রানির শিকার শিক্ষার্থীদের সাথে একান্তে কথা বলেন। শিক্ষার্থীরা খোকন, সুজন ও বিকাশ নামে তিনজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন।বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, অভিযুক্ত শিক্ষকদের সাথে তাকে জড়িয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি দোষী নয়।অপরদিকে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রীদের আনীত যৌন হয়রানির অভিযোগের গণশুনানি গ্রহণ ও তদপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি নুসরাত জাহান বলেন, শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত তিন শিক্ষককে প্রাতিষ্ঠানিক সকল একাডেমিক কার্যক্রম হতে সাময়িক বরখাস্ত ও চূড়ান্ত শাস্তিমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করা হয়েছে।#
চলনবিল বার্তা chalonbeelbarta.com