রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
পরিবেশ রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইছামতী রক্তদান সংগঠন।শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং জনসমাগমস্থলে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।সংগঠন সূত্রে জানা যায়, সমাজসেবক নবীন তালুকদার ও বৃক্ষপ্রেমী মো. শহীদুর ইসলামের সহায়তায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় এলাকার স্কুল, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান, ঈদগাহ মাঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সড়কের পাশে গাছের চারা লাগানো হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমাতে ব্যাপক বৃক্ষরোপণের প্রয়োজন রয়েছে। প্রকৃতি ও মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।ইছামতী রক্তদান সংগঠনের সদস্যরা বলেন, রক্তদানসহ বিভিন্ন মানবিক কর্মকা-ের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতেও সংগঠনটি নিয়মিত কাজ করছে। একটি সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে বলেও জানান তারা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com