শেরপুর (বগুড়া) প্রতিনিধি : মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ
বগুড়ার শেরপুরে ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের খানপুর ইউনিয়নের সাফলজানি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পৌর শহরের উলিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আবু রায়হান (২০) এবং শাহ বন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার প্রবাসী নান্নু মিয়ার ছেলে শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তামিম হোসেন (২০)। তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আহতরা হলেন রাজন, সিয়াম, হাসান ও ছামির। তাদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ উদ্যাপন করতে কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে শুভগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই আবু রায়হানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নেওয়া হলে পথেই তামিম হোসেন মারা যান।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন চলনবিল বার্তাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।ঈদের আনন্দঘন মুহূর্তে এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com