গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ গুরুদাসপুরের আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগের ৬ ইউপি চেয়ারম্যানকে বলেছেন- ‘সাতদিনের মধ্যে মাদক কারবারীদের তালিকা জমা দিতে হবে। তাতে নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়। এর আগেও তালিকা চাওয়া হয়েছে। কিন্তু চেয়ারম্যানরা তালিকা দেননি। এবার যদি তালিকা না দেন তাহলে ধরে নেওয়া হবে তারা সরকারের ভাল চান না।’
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ জরুরী আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। সম্প্র্রতি সরকারি কোয়ার্টারসহ এলাকায় দুঃসাহসিক চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে থানার ওসিকে মাদকসহ চোর-ডাকাত নির্মূলে কঠোরভাবে পুলিশি মনোভাব দেখাতে বলেন আব্দুল আজিজ এমপি। অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়। উপজেলার প্রতিটি ওয়ার্ডে অপরাধ দমন কমিটি গঠণের নির্দেশও দেন প্রশাসনকে।
সভায় অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, আব্দুল বারী, মনিরুল ইসলাম দোলন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা, কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম, বিএনপি নেতা দুলাল সরকার, মনিরুজ্জামান হেনা, জাফর ইকবাল নয়ন, তোরাপ সরকার, সাংবাদিক আলী আক্কাছ প্রমূখ বক্তব্য রাখেন।ডাকাতি ও চুরির ঘটনায় রহস্য উন্মোচিত না হওয়ায় কঠোর সমালোচনা করে বক্তব্য দেন বক্তারা। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মনজুরুল আলম।
চলনবিল বার্তা chalonbeelbarta.com