সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গা থানা মহিলা দলের সদ্য ঘোষিত কমিটি ঘিরে তীব্র বিতর্ক,ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।অভিযোগ উঠেছে,বিতর্কিত ব্যক্তিদের দিয়ে গঠিত এই কমিটি ঘোষণার প্রক্রিয়াও ছিল অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ।স্থানীয় সূত্রে জানা যায়,এক প্রার্থীর বাসায় ভুরিভোজের আয়োজনের মধ্য দিয়ে ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।এতে সভাপতি হিসেবে নারী কেলেঙ্কারীর সাথে জড়িত ভাইরাল হওয়া একজন সমালোচিত স্কুল শিক্ষিকা এবং সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটককারী এক নারীকে দায়িত্ব দেয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এ ঘটনায় সলঙ্গা থানা বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,তাঁতী দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।তাদের অভিযোগ,কিছু সুবিধাবাদী নেতা ব্যক্তিস্বার্থে বিতর্কিত ব্যক্তিদের নেতৃত্বে এনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন এবং সংগঠনকে বিতর্কের মুখে ঠেলে দিচ্ছেন।তৃণমূল পর্যায়ের কর্মীদের অনেকে বলেন,দীর্ঘদিন অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকা ব্যক্তিদের হঠাৎ করে গুরুত্বপূর্ণ পদে বসানো হলে ভবিষ্যতে দলের জন্য নেতিবাচক প্রভাব পড়তে পারে।তারা এটিকে ‘অর্থনির্ভর’ ও ‘মনগড়া’ কমিটি বলেও আখ্যা দিয়েছেন।
এ বিষয়ে সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম জানান,মহিলা দলের কমিটি গঠন বিষয়ে আমরা অবগত নই।কে বা কারা উপস্থিত ছিলেন তাও জানি না।তবে নেতাকর্মীদের দাবী,বিতর্কিত এই কমিটি বাতিল করে সকলের মতামতের ভিত্তিতে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠন করা হোক।জেলা বিএনপির শীর্ষ নেতাদের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com