হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি , তাড়াশ:
তাড়াশ উপজেলায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে ৪টি ড্রাম ট্রাক জব্দ এবং ৪ চালককে আটকের পর ২৫দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পৌর শহরের শোলাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। দন্ডপ্রাপ্তরা হলো, নাটোরের সিংড়া উপজেলার জয়নাল আবেদিনের ছেলে রাকিব হোসেন (২১), গুরুদাসপুর উপজেলার মহরম আলীর ছেলে ইসহাক আলী (২৪), বড়াইগ্রাম উপজেলার সজিব সরকারের ছেলে মেহেদি হাসান (২৪) ও একই উপজেলার রজব আলীর ছেলে তামজিদ হোসেন (২৫)। জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসান আহম্মেদ খান বলেন, অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় ৪টি ড্রাম ট্রাকের চালকদের আটক ও ট্রাকগুলো জব্দ করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতে আটক ৪ জনকে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদন্ড এবং প্রত্যেককে ১৫দিন করে কারাদন্ড দেওয়া হয়। পরবর্তিতে অর্থদন্ডের টাকা জমা না দেওয়ায় প্রত্যেককে আরো ১০দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর জন্য তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জব্দ করা ড্রাম ট্রাকগুলো থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com