
হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি, তাড়াশ:
হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি, তাড়াশ:
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সুশৃঙ্খলভাবে জাতীয় নববর্ষ উদযাপন ও সম্পন্ন করার লক্ষ্যে ( ৯ এপ্রিল) বৃহস্পতিবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। তিনি বাংলা নববর্ষ উদযাপনকে বাঙালি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে উৎসবটি আনন্দঘন ও নিরাপদ পরিবেশে পালনের আহ্বান জানান।
সভায় নববর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, নিরাপত্তা ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব বণ্টনের মাধ্যমে উৎসবটি সুষ্ঠুভাবে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, তাড়াশ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, তাড়াশ পৌর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদ্য সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহ্বায়ক সাইফুল খন্দকার, তাড়াশ পৌর জামায়াতের সভাপতি কাওসার হাবিবসহ বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com