গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের সাবেক সভাপতি ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর বিরুদ্ধে বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাতসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন কলেজের শিক্ষকরা।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই অভিযোগ করা হয়। এসময় উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রভাষক রফিকুল ইসলাম, আব্দুস সামাদ, আনোয়ার হোসেনসহ ২৫ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে কলেজটির উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘কলেজের টিউশন ফি ৪ লাখ ৯৯ হাজার টাকা, জেনারেল ফান্ডের ১ লাখ ৩৫ হাজার ৭২৯ টাকা, স্থায়ী আমানতের ২ লাখ ২০ হাজার টাকা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহাবুব হোসেনের বেতন করে দেয়ার নামে ৩ লাখ ৫০ হাজার টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাত করেন সাবেক সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। শিক্ষক-কর্মচারীরা চান কলেজ ফান্ডের সকল টাকা ফেরত দেয়া হোক।’
কলেজটির অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বলেন, ‘চেকবইয়ে সভাপতি সই চাইলে চাকরি রক্ষার্থে আমি স্বাক্ষর করে দেই। এছাড়া আমার করার কিছু নেই।’
প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি ব্যারিষ্টার রঞ্জু অভিযোগ অস্বীকার করে বলেন, উপাধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে আদালতে দুটি মামলা চলমান থাকায় এবং তাকে প্রমোশন না দেয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। কলেজের বিভিন্ন প্রোগ্রামসহ আনুসাঙ্গিগক খরচ ছাড়া কিছুু করা হয়নি।তিনি আরো বলেন, আমি সভাপতি থাকাকালীন কোনো নিয়োগ হয়নি, অনিয়মও হয়নি। কলেজ ফান্ডের ৬ লাখ টাকা ফান্ডেই রয়েছে।#
চলনবিল বার্তা chalonbeelbarta.com