হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি,তাড়াশ :
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাড়াশে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।এর পর পরই শুরু হয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করেন । পুষ্পস্তবক অর্পণ শেষে মুনাজাতের মধ্য দিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় । পরে তাড়াশ হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও বিভিন্ন প্রদর্শনী। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফছার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা অডেটোরিয়ামে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা , সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্বাধীনতার চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সব শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৩ ( রায়গঞ্জ, তাড়াশ, সলংগা ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ভিপি আইনুল হক সহ প্রমুখ ব্যাক্তিবর্গ। মহান স্বাধীনতা দিবসের এ আয়োজনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com