ডাঃ আমজাদ হোসেন, উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় আবাদী মাঠে আলু ফসল তোলা শুরু হয়েছে। আলুর ফলন ভালো হারে মিলছে। কৃষকেরা বলেছেন শতক (ডেসিমেল) প্রতি দেড় থেকে পোণে দুই মণ হারে ফলন হচ্ছে। এক মণ নতুন আলু পাইকারি ৮ শ ৮০ টাকা থেকে ৯ শ টাকা দরে কেনাবেচা হচ্ছে। কৃষকেরা আলুর এখনকার দাম কম বলছেন।
উল্লাপাড়া উপজেলার মোহনপুর ও দুর্গানগর ইউনিয়ন এলাকায় সবচেয়ে বেশী পরিমাণ জমিতে আলু আবাদ করা হয়ে থাকে। এবারেও ইউনিয়ন দুটিতে তাই হয়েছে। বিভিন্ন মাঠে আগাম করে আবাদ করা আলু ফসল কৃষকেরা তুলতে শুরু করেছেন। সরেজমিনে ভাটবেড়া মাঠে গিয়ে কৃষকদেরকে আবাদের আলু তুলতে দেখা গেছে। কৃষক আঃ করিম প্রায় দুই বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। তার জমি থেকে দিন হাজিরায় ছয়জনকে আলু তুলতে দেখা গেছে। পাশের জমির আঃ হালিমের ২৬ শতক জমির আলু তোলা শেষ হয়েছে। তিনি বলেন ফলনে প্রায় ৪৫ মণ আলু হয়েছে। এরা দুজনেই রোমানা জাতের আলু আবাদ করেছেন । কৃষকদের সাথে কথা বলে জানা গেছে প্রতি শতকে (ডেসিমেলে) দেড় মণ থেকে পোনে দুই মণ হারে ফলন পাচ্ছেন।
কৃষকদের কেউ কেউ কামলার দাম মেটানো ও সংসারের নানা দরকারে এলাকার হাট কিংবা আড়তে নিয়ে আলু বেচছেন। এক মণ নতুন আলু আটশো আশি টাকা থেকে নয়শো টাকা দরে কেনাবেচা হচ্ছে বলে জানা গেছে। কৃষক আঃ হাকিম জমি থেকে আলু তুলে এলাকার চর বর্ধনগাছা আড়তে মণ প্রতি ৮ শ ৮০ টাকা দরে বেচেছেন বলে জানান। কয়েকজন কৃষককের সাথে কথা বলে জানা গেছে আলুর ফলনের হারে তারা খুশি। তবে আবাদের সব খরচ হিসাব করে আলুর দাম কম। এলাকার আড়তে আলু কেনাকালে দুজন ব্যবসায়ি বলেন তারা বিভিন্ন মোকাম বাজারে নিয়ে পাইকারি দরে আলু বেচবেন
চলনবিল বার্তা chalonbeelbarta.com