মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মো. রাফিউল ইসলাম (১৮)। তিনি শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে। তিনি শেরপুর শহীদিয়া কামিল স্নাতকোত্তর মাদ্রাসা থেকে ২০২৫ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেলযোগে নিজ গ্রামের বাড়ি থেকে বের হওয়ার পর পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের ডিভাইডারের সঙ্গে সজোরে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com