তাড়াশ ও রায়গঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-৩ আসন (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) এলাকার সাবেক সংসদ সদস্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদার (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(১৮ জুলাই) শুক্রবার সকাল ১১ টার দিকে রাজধানী ঢাকায় তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, ৫ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মান্নান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, তাড়াশ উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সমন্বয়ক খন্দকার মো. সেলিম জাহাঙ্গীর, রায়গঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সমন্বয়ক রাকিবুল করিম খান পাপ্পু, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি আইনুল হক, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী প্রমুখ।শোকবার্তায় তারা বলেন, আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি চার বার এমপি নির্বাচিত হয়ে এই নির্বাচনী এলাকায় আশাতীত উন্নয়ন করেছেন। তার মৃত্যুতে নেতৃবৃন্দ ও এলাকার সুশীল সমাজ গভীর শোক প্রকাশ করেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞ্যাপন করেন তারা ।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার ১৯৩৬ সালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের কাটার মহল সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি সিরাজগঞ্জ-৩ আসন থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com