পাবনা প্রতিনিধি :
পাবনার চাটমোহর পৌর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ও এক মাদক সেবীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত দুইজনকে ১শত টাকা অর্থদণ্ড ও ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। অপর মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
আটককৃতরা হলো, চাটমোহর পৌর সদরের দোলবেদিতলা এলাকার মনোরঞ্জন দত্তর ছেলে মাদক ব্যবসায়ী দিলীপ দত্ত (৫৮), হান্ডিয়াল খন্ধপাড়া এলাকার নবির উদ্দিন এর ছেলে মাদক সেবী আব্দুল মমিন (৩৮) ও ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিমপাড়া এলাকার মানিকুল্লাহ সরকারের ছেলে মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম (৫৫)।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে দিলীপ দত্ত অবৈধভাবে মাদকদ্রব্য মজুদ বিক্রি, প্রয়োজনে হোম ডেলিভারি পর্যন্ত করত। আমরা দীর্ঘদিন ধরে তার উপরে নজর রেখে ছিলাম। বগুড়া, দর্শনা সহ বিভিন্ন অঞ্চল থেকে দেশি-বিদেশি মদ চাটমোহরে নিয়ে এসে নিজ বাড়ি থেকে বিক্রি করতো। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের কর্তা বাবুরাও তার নিয়মিত খদ্দের ছিলেন। আমরা তার মাদক সেবনের লাইসেন্সটি বাতিল করে দিব। সে ভবিষ্যতে আর এ ধরনের কর্মকাণ্ড করতে পারবেনা। অপরদিকে অন্য দুই মাদক কারবারিকে নিজ নিজ এলাকা থেকে গাজা ও হিরোইন সহ আটক করা হয়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিতভাবে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রেখেছে। মাদকদ্রব্য যুব সমাজ সহ সকলের ব্যাপক ক্ষতি করে। এ সকল কর্মকান্ডের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।
2 Attachments • Scanned by Gmail
চলনবিল বার্তা chalonbeelbarta.com