সাব্বির আহম্মেদঃ সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে তাড়াশ কাটাগাড়ী রাস্তার উত্তর ওয়াদাবাঁধ এলাকায় নির্মাণাধীন ব্রিজের কাজের ধীরগতিতে জনদূর্ভোগ বাড়ছে। চুক্তিপত্র অনুযায়ী এক বছরের নির্মান কাজ শেষ হয়নি দেড় বছরেও। কচ্ছবগতির এ কাজ কবে নাগাদ শেষ হবে বলতে পারছে না কর্তৃপক্ষ। আর এতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। সামনে বর্ষা মৌসুমে নির্মানাধীন ব্রিজের ডাইব্রেশন রাস্তা দিয়ে যাতায়াতে আরো ভোগান্তীতে পড়তে হবে এলাকার জনগণের এসনটাই আশংকা করছেন সচেতন মহল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারিতে কাটাগাড়ি জিসি সড়কে ২০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণকাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজের ধীরগতি কারণে এখন পর্যন্ত ৪০ ভাগ কাজ শেষ হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ডাইব্রেশন রাস্তা সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। রাস্তাটি উঁচু-নিচু হওয়ায় যানবাহনের যাত্রীদের গাড়ি থেকে নামতে হচ্ছে। ইতোমধ্যে সেখানে বেশ কয়েকটি গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনাও ঘটেছে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান ইথেন এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এন্ড ডন এন্টারপ্রাইজ (জেভি) ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের কাজ পেয়েছিল। পরে কাজ কিনে নেন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুল ইসলাম গোকুল। মো. ওয়াহিদুল ইসলাম নামের ঠিকাদার কাজ করছেন। কিন্তু তিনি মাঝে কাজ বন্ধ রাখেন। ঠিকাদারকে দ্রæত কাজ শেষ করার জন্য ইতোমধ্যে দু’টি চিঠি দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ব্রিজটির নির্মাণ কাজ ধীরগতি হওয়ায় ডাইব্রেশন রাস্তা দিয়ে ঝুকিঁ নিয়ে যাতায়াত করতে হচ্ছে। তাছাড়াও পানি প্রবাহের পথ সরু হওয়ায় বর্ষা মৌসুমে রাস্তাটি ডুবে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
স্থানীয় তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল বলেন, আশপাশে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ ডাইব্রেশন রাস্তা দিয়ে যাতায়াত করছে। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।
ঠিকাদার মো. ওয়াহিদুল ইসলাম বলেন, প্রথম পর্যায়ের বিল পেতে দেরি হওয়ায় কাজে কিছুটা ধীরগতি এসেছে। তাছাড়া বোরো মৌসুমে শ্রমিক সংকট থাকায় কাজে বিঘœ ঘটেছে। তবে খুব শীঘ্রই আমরা ব্রিজটির নির্মাণ শেষ করতে পারবো বলে আশা রাখি।
সাব্বির আহম্মেদ
চলনবিল বার্তা chalonbeelbarta.com