তাড়াশ প্রতিনিধি : চলনবিলের সর্ব বৃহত সিরাজগঞ্জের তাড়াশের মহিষলুটি মাছের আড়তে এক রাতে বরফ মিলের আটটি বৈদ্যুতিক মিটার চুরি হয়। চুরি যাওয়া মিটার পেতে ভুক্তভোগি বরফ মিল মালিকরা চোরদের রেখে মোবাইলে যোগাযোগ করেন। পরে ৩৫ হাজার টাকা চোরদের দেয় একটি নগদ নাম্বারে পাঠিয়ে তিন দিন পর আটটি মিটার ফেরতও পেয়েছেন।গতকাল সোমবার সন্ধ্যায় ফেরত পাওয়া ওই বৈদ্যুতিক মিটার গুলো তাড়াশ পল্লী বিদ্যুত সমিতর লাইনম্যানরা প্রতিটি বরফ মিলে পূণঃস্থাপন করে দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন,তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম এর অতিরিক্ত দায়িত্বে থাকা এজিএম মো. শামসুজ্জামান।এর আগে ঈদের রাত শুক্রবার মহিষলুটি মৎস্য আড়তকে কেন্দ্র করে এ বাজারে গড়ে ওঠা বরফ মিল থেকে আটটি বৈদ্যুতিক মিটার চুরি হয়।
স্থানীয়রা জানান, তাড়াশের মহিষলুটি মৎস্য আড়তকে কেন্দ্র করে এ বাজারে বেশ কিছু বরফ মিল গড়ে উঠেছে। এ সব বরফ মিলে উৎপাদিত বরফ দিয়ে মাছ হিমায়িত করে বগুড়া, টাঙ্গাইল, গাজীপুর, নারায়নগঞ্জ,ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্থে পাঠানো হয়।অবশিষ্ট মাছ এসব বরফ মিলে হিমায়িত করে রাখা হয়।এ দিকে ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার মিলের কর্মচারীরা ছুটি নিয়ে যার যার বাড়িতে যায়। আর গভীর রাতে একটি সংঘবদ্ধ মিটার চোর চক্র বরফ মিল গুলোতে হানা দেয়। চোর চক্র বরফ মিল মালিক মো.শাহজাহান আলীর মিল থেকে তিনটি, মো.আরিফুল ইসলামের একটি, মো.ওসমান গনি একটি ও আবু সাইদের একটিসহ মোট আটটি মিটার চুরি করে নিয়ে যায়। পাশাপাশি চোররা শাহাজান আলীর মিলে একটি চিরকুট রেখে যান। তাতে একটি মোবাইল নাম্বার লেখা ছিল এবং মিটার পেতে ওই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়।মিল মালিক আবু সাইদ জানান,তারা বরফ মিল মালিকরা মিলে চোরদের রেখে যাওয়া নাম্বারে যোগাযোগ শুরু করেন । এ সময় চোর চক্র আটটি বৈদ্যুতিক মিটার ফেরত পেতে প্রতি মিটারের জন্য ৭ হাজার টাকা করে দাবী করেন। যা নিয়ে চোর ও বরফ মিল মালিকদের দর কষাকষির পর আটটি মিটারের জন্য মোট ৩৫ হাজার টাকায় রফা করেন।
পরে চোরদের দেওয়া একটি নগদ নম্বরে টাকা পাঠানো হয়। এরপর চোরদের কথামত স্থানীয় নুরাল হাজীর খড়ের পালা থেকে ২ টি, শাজাহানের মিলের নিকটবর্তী কলা বাগান থেকে ২ টি এবং মাছের আড়তের বালির স্তুপ থেকে চুরি যাওয়া ৪ টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। আমাকে বরফ মিল মালিকরা মিটার চুরির বিষয়টি জানননি।
চলনবিল বার্তা chalonbeelbarta.com