ডাঃ আমজাদ হোসেন, উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এলজিইডির নাগরৌহা পাকা সড়কের ছোটো বাখুয়া (মিল পাড়া) এলাকায় পুকুরচালায় সড়ক ভেঙ্গে পড়ছে। স্থানীয় পুকুরের চালা হয়ে বয়ে যাওয়া পুরানো সড়কটির একাধিক জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে প্রায় পনেরো বছর আগে এলজিইডি থেকে উপজেলা সদরের সাথে যোগাযোগ পথ নাগরৌহা সড়কটি পাকাকরণ হয়। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি এরপর দুবার সংস্কার করা হয়। সড়কটি পুকুরচালা হয়ে বয়ে গেলেও এতো বছর কোনো ভাঙ্গন হয়নি। অতি সস্প্রতি সড়কটির পুকুর চালায় পূর্ব পাশে একাধিক জায়গায় ভাঙ্গন দেখা দেয়। প্রায় পচিশ ফুট দীর্ঘ অংশে বেশী ভেঙ্গেছে। একটু বৃষ্টি হলে আরো ভাঙ্গছে।
এলাকার অনেকেই জানান প্রথম দিকে সড়কের ভাঙ্গন অংশে ফাটল দেখা দেয় । এরপর বৃষ্টির পানি ঢুকে ভাঙ্গতে থাকে। এখন বৃষ্টি হলে আর ভারী যানবাহন ভাঙ্গন ঘেষে চললেই সড়কটি আরো ভাঙ্গছে বলে জানা গেছে। নাগরৌহা, বাখুয়া মিলপাড়া , ডাক্তারপাড়া , পুকুরপাড়ের নানা পেশার জনগণ এসড়ক পথে উপজেলা সদরসহ নানা গন্তব্যে যাওয়া আসা করেন।
এদিকে নাগরৌহা পাকা সড়ক হয়ে ভেংড়ীর সাথে যোগাযোগ ব্যবস্থা গড়তে শৈলাগাড়ী এলাকায় কচুয়া (বিলসূর্য্য) নদীতে একটি ব্রীজ নির্মাণ কাজ চলছে। এছাড়া পুকুরপাড় গ্রাম হয়ে পূর্ণিমাগাতীর সাথে যোগাযোগ আছে। নাগরৌহা পাকা সড়ক আন্ত ইউনিয়ন যোগাযোগ ব্যবস্থায় এলজিইডির উদ্যোগ নেওয়া আছে বলে জানা গেছে।
প্রতিবেদককে এলাকার ভ্যান চালক আঃ পরবত মিয়া , কুদ্দুস মিয়া বলেন সড়কটির পুকুর চালায় ঢালুতে থাকা মাটি সরে গেছে। এছাড়া বড় ধরণের কয়েকটি গাছ আগে পুকুরে পড়ে য়াওয়ায় মাটি ধসে সড়কের এমন ক্ষতি দেখা দিয়েছে। এরাসহ আরো কজনের কথায় পুকুরের মধ্যে গাইড ওয়াল নির্মাণ হলে এখানে সড়ক ভাঙ্গবে না। ব্যবসায়ী আবু বক্বার বলেন ভাঙ্গন ঠেকানো না গেলে তো সড়কের ভাঙ্গন ক্ষতি বাড়বে।
উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন আপাততঃ সড়কটির সেখানে ক্ষতি ও ভাঙ্গন ঠেকাতে বস্তায় মাটি ভরে বাধ ধরণের ব্যবস্থা নেওয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com