গুরুদাসপুর প্রতিনিধিঃ পবিত্র রমজান মাস সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে লেবুর দাম বেড়েছে বহুগুণ। অভিযোগ রয়েছে রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা অন্য পণ্যের সাথে রোজাদারদের জন্য অতি প্রয়োজনীয় লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন।
ব্যবসায়ীদের দাবি, লেবুর মৌসুম না থাকায় এবং সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। উপজেলার চাঁচকৈড় বাজারে ১ কেজি লেবু ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত সপ্তাহে এই লেবু ৬০-৭০ টাকা কেজি বিক্রি হয়েছে। প্রায় ৮ কিলোমিটার ব্যবধানে নাজিরপুর এবং কাছিকাটা বাজারেও ওই একই মূল্য ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
লেবু বিক্রেতা আত্তাব ও রেজাউল প্রামানিক জানান, লেবুর মৌসুম কেবল শুরু হচ্ছে। এরমধ্যেই আবার রমজান মাস। চাহিদাও বেশি। এজন্য দামও বেড়েছে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, এ ব্যাপারে বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com