গোলাম মোস্তফাঃ সিরাজগঞ্জের তাড়াশের হাট-বাজারে শীতের সবজির দাম বেড়েছে। গত দুই দিনের ব্যবধানে বেগুন, শিম ও ফুলকপিসহ বেশকিছু সবজি দ্বিগুণ দামে বেচাকেনা হচ্ছে। এদিকে কমেছে পিয়াজ ও আলুর দাম। বিশেষ করে, শীতকালীন সবজির হঠাৎ চড়া মূল্যে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন। অপরিবর্তিত রয়েছে মুলা, পটল ও কাঁচা মরিচের দাম।
প্রসিদ্ধ বিনসাড়া হাটের কাঁচামাল ব্যবসায়ী মন্টু, বকুল, আব্দুল গনি, মিলন ও জহুরুল ইসলাম জানান, গত রবিবার থেকে পাইকারী বাজারে সবজির দাম বেড়েছে। ফলে স্থানীয় হাট-বাজারে প্রভাব পড়েছে। সরবরাহ না বাড়লে দাম কমার সম্ভাবনা নেই। আলু, পিয়াজের দাম কিছুটা কমেছে।
বিনসাড়া গ্রামের আসলাম মোল্লা, আব্দুল হান্নান, আলমগীর হোসেন ও পেঙ্গুয়ারি গ্রামের সবের আলী, ফারুক হোসেন জানান, দুই দিন আগেও ১০০ টাকায় ৫ ধরনের ৫ কেজি সবজি পাওয়া গেছে। সবজিতে বাজারের ব্যাগ ভরে যেত। শীত বাড়ছে, অথচ শীতকালীন সবজির দামও বাড়ছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন তারা।
সরেজমিনে বিনসাড়া হাট ও তাড়াশ বাজার ঘুরে দেখা গেছে, হাটে-বাজারে সবজির সল্পতা রয়েছে। লোকজন সবজি কেনার জন্য এ দোকান-ও দোকানে দর কষাকষি করছেন।
কাঁচা মালের ব্যবসায়ীরা জানিয়েছেন, গত শুক্র-শনিবার দিনও বেগুন ২৫, ফুলকপি ২৫ ও শিম ৪০ টাকা কেজি বিক্রি করেছেন। কিন্তু রবিবার থেকে শিম ৮০, বেগুন ৭০, ফুলকপি ৪০ টাকা কেজি বিক্রি করছেন। কদু, করল্লা, গাজরসহ আরো কিছু সবজির দামও বেড়েছে। নতুন আলু ও পিয়াজের দাম কেজিতে ২০ টাকা কমেছে। আলু বিক্রি করছেন ৬০ টাকা কেজি। পিয়াজ ১০০ টাকা কেজি।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় কৃষকদের আগাম চাষের সবজি শেষের দিকে। পাইকারি বাজারেও দাম বেড়েছে। এজন্য লোকজনের একটু বেশী টাকা গুণতে হচ্ছে সবজি বাজারে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com