আবুল কালাম আজাদঃ নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের মেয়ে কোহেলী কুদ্দুস মুক্তি ও ছেলে আশিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
শোভন জেলা আওয়মী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এবং কোহেলী কুদ্দুস জেলা আওয়মী লীগের সদস্য ও যুব-মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি।
গত রোববার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নাটোর-৪ আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এখন পর্যন্ত এ আসনে গুরুদাসপুর এবং বড়াইগ্রাম উপজেলা থেকে ১৭ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের ছেলে আশিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন আমরা তার জন্যই কাজ করবো। আমাকে দিলেও যা হবে, আমার বোনকে দিলেও তাই হবে। আমার পরিবার এ বিষয়ে একমত। সেখানে আমার বোনকে মনোনয়ন দিলেও নৌকাকে জয়যুক্ত করার জন্য কাজ করবো। প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দেবেন আমরা তার জন্যই কাজ করব। আমার বাবা প্রয়াত আব্দুল কুদ্দুস নির্বাচনী এলাকায় ৯০ ভাগ কাজ সম্পন্ন করেছেন। বাকী কাজগুলো মৃত্যুর কারণে সমাপ্ত করতে পারেনি। আমি তার সন্তান হিসেবে দ্রুত সেই কাজগুলো বাস্তবায়ন করতে চাই।
তবে গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা মনে করেন, আওয়ামী লীগের ত্যাগী কোন নেতাকে দলের মনোনয়ন দেয়া উচিত। আর বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন আশাবাদী, উন্নয়ন ও যোগ্যতার বিবেচনায় দল তাকেই মনোনয়ন দেবে।
উল্লেখ্য, গত (৩০ আগস্ট) বুধবার সকাল ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর-৪ আসনের চার বারের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গেজেটে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
নাটোর-৪ আসন বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। তাই এই দলের প্রার্থী হতে আগ্রহীর সংখ্যাই বেশি, অন্য দলের মনোনয়ন প্রত্যাশীর তৎপরতা তেমন চোখে পড়ছে না। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রয়াত সংসদ সদস্যের মেয়ে কুহেলী কুদ্দুস। নির্বাচিত হয়ে পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চান তিনি।
নাটোর-৪ আসনে দুই উপজেলা থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেন আওয়ামী লীগের ১৭ প্রার্থী। গত (১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নৌকায় মনোনয়ন দেন। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তবে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী আরও অনেক আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com