ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ারিয়া আক্রান্ত এক শিশুকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়ারিয়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, শিশু মালিহা ডায়ারিয়ায় আক্রান্ত হলে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে ভালো না হলে শিক্ষক মিজানুর রহমান গত বুধবার ভোর ৬টার দিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক ব্যবস্থাপত্রে স্যালাইন দেয়ার কথা লিখলে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরবরাহকৃত স্যালাইন পুশ করেন নার্স। কিন্তু স্যালাইন অর্ধেকের বেশি শরীরে প্রবেশ করার পর বিকাল সাড়ে ৩টার দিকে শিশুর পিতা দেখতে পান স্যালাইনটি মেয়াদ মে মাসে শেষ হয়ে গেছে। তখনই তিনি স্যালাইন বন্ধ করে দেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের সঙ্গে বেঁধে যায় হৈ চৈ। ঘটনার পরপরই আরএমও ডা. আলামিন ওয়ার্ড পরিদর্শন করে শিশু মালিহাকে দেখে তার অবস্থা ভালো আছে বলে আশ্বস্ত করেন। এ ঘটনায় চাটমোহর উপজেলার মহেলা এলাকার বাসিন্দা ও মহেলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দেন। এ ব্যাপারে জানতে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার মো. রেজাউল করিমকে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আলামিন বলেন, মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার আগেই মেয়াদ আছে কিনা তা দেখা উচিত ছিল নার্সদের।
ভাঙ্গুড়া থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোসা. হালিমা খানম বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।পাবনা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com