সাব্বির আহম্মেদ, তাড়াশ : ভাষা আন্দোলনের ৭০ বছর পরও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সরকারী বেসরকারী ১৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। ফলে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্র্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছেন না। সংশ্লিষ্ট সুত্র মতে, এ উপজেলার ৯০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২০টি মাদ্রাসা, ৫টি কারিগরি মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি মাধ্যমিক বিদ্যালয় শহীদ মিনার শুন্য।
উপজেলা মাধ্যমিক অফিস সুত্রে জানা গেছে, তাড়াশ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের সংখ্যা ৬০টি। এর মধ্যে শহীদ মিনার নেই ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, তাড়াশ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৩৬টি। এর মধ্যে শহীদ মিনার নেই ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে । তাড়াশ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ জানান , ২১ শে ফেব্রুয়ারীতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে শহীদ মিনারহীন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়। তিনি দাবী করেন সরকারী অথবা বেসরকারী উদ্দ্যোগে প্রতিটি বিদ্যালয়ের শহীদ মিনার নির্মিত হলে শিক্ষার্থীরা ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আরো বেশী জানতে পারবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান বলেন, তাড়াশ উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিভাগীয়ভাবে শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম জানান , প্রাথমিক স্তুরের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেগুলোতে পর্যায়ক্রমে শহীদ মিনার নির্মাণের কাজ চলছে। গত অর্থ বছরে ৫টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এ বছরও আরো ৫টি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। তিনি আরো জানান, শহীদ মিনার নেই এমন সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হলে বিপূল সংখ্যক শিক্ষার্থী ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানতে পারবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com