গোলাম মোস্তফা:তাড়াশে প্লাস্টিকের ড্রাম দিয়ে ভেলা বানিয়ে পুকুরের মাছের খাবার দেওয়ার কাজে লাগাচ্ছেন মাছ চাষীরা। ডিঙ্গি নৌকার পরিবর্তে ড্রামের ভেলার প্রচলন দিনকে দিন বেড়েছে। গত রবিবার বিকেলে সরজমিনে দেখা যায়, আরঙ্গাইল গ্রামীণ সড়কের সাথের একটি পুকুরে ড্রামের ভেলায় বসে মাছের খাবার দিচ্ছেন এক জন মাছ চাষী।
দেশীগ্রাম ইউনিয়নের আরঙ্গাইল গ্রামের নাসির উদ্দিন নামের ঐ মাছ চাষী বলেন, ডিঙ্গি নৌকার কাঠ এক থেকে দুবছরে নষ্ট হয়ে যায়। পুকুরে মাছ চাষের জন্য ড্রামের ভেলার ব্যবহার অতি সহজ ও দীর্ঘস্থায়ী একটি মাধ্যম। জানা গেছে, চারটি প্লাস্টিকের ফাঁকা ড্রামের উপর বাঁশের মাচা দিয়ে ড্রামের ভেলা বানানো হয়। এর পর সেই ভেলা পুকুরে ভাসিয়ে লাইলন সুতা ধরে মাছের খাবার দেওয়া হয়। যেমন করে গুণ টেনে নৌকা চালানো হয়।
বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আজম আলী নামে আরেকজন মাছ চাষী বলেন, পুকুরে মাছ চাষের জন্য ডিঙ্গি নৌকার ব্যবহার আগেই উঠে গেছে। তারপর সিমেন্টের বড় চারি পুকুরে ভাসিয়ে তার মধ্যে বসে মাছের খাবার দেওয়া শুরু করলাম। কিন্তু নড়াচড়ায় একটুখানি গড়মিল হলে চারি ডুবে যেত। ওসবের তুলনায় প্লাস্টিকের ড্রামের ভেলায় করে মাছের খাবার দিতে কোনো সমস্যা হয়না। টিকেও বহুদিন। বর্তমানে আমার মতো অধিকাংশ মাছ চাষী পুকুরে ড্রামের ভেলা ব্যবহার করে মাছ চাষ করছেন। এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা মসগুল আজাদ বলেন, ডিঙ্গি নৌকার তুলনায় ড্রামের ভেলার ব্যবহার মাছ চাষীদের জন্য সাশ্রয়ী।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com