তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে চাকরি দেয়ার নামে শত শত বেকারদের নিকট থেকে ১২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। তার এমন কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। প্রতারক মিজানুর রহমান মাষ্টার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের মৃত রোকোনুজ্জামানের ছেলে। গত শনিবার সকালে তাড়াশ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উল্লেখ্য, এর আগে আর এক মহাপ্রতারক ডিজে শাকিলের বিরুদ্ধে একই অভিযোগ উঠলে সে গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়ে।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন, রেজাউল করিম, মাহমুদা পারভীন, নজরুল ইসলাম, সাইদুর রহমান, রিতা খাতুন, আব্দুল মান্নান, মো. শফিকুল ইসলাম, নজরুল ইসলাম ও আল মাহমুদ খন্দকার। ভুক্তভোগীরা হলো উল্লাপাড়া উপজেলার চেংটিয়া গ্রামের সুলতানা খাতুন তাকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে তার নিকট হতে ৯ লক্ষ ৯৩ হাজার টাকা নেয়।তাড়াশ উপজেলার ঘরগ্রামের সাইদুর রহমান কলেজে চাকুরী দেওয়ার কথা বলে ৬ লক্ষ ৫০ হাজার টাকা নেয় । এছাড়াও প্রতারক মিজানুর রহমান দীর্ঘ সময় ধরে সরকারি চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতি জনের নিকট থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ প্রতারক মিজান প্রায় শতাধিক লোকের কাছ থেকে চাকরি দেয়ার নামে নেয়া প্রায় ১২ কোটি টাকা হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নেওয়া ও প্রতারনার বিষয়ে জানার জন্য মো. মিজানুর রহমানকে একাধিক বার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। উল্লেখ্য, ২০১৯ সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র সরবরাহের অভিয়োগে তাকে গ্রেফতার করেছিল রাজশাহী পুলিশ। এখন সে জামিনে মুক্ত।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com