লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে মেয়েকে মারপিটের বিচার চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় স্ত্রীসহ আহত হলেন এক গরু ব্যবসায়ি । এ ঘটনায় আহত গরু ব্যবসায়ি তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের রঘুনীলি- মঙ্গলবাড়িয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শি ও অভিযোগ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের গরু ব্যবসায়ি ওমর আলী উপজেলার গুল্টা হাটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এমন সময় তার ছোট মেয়ে উর্মি খাতুন (৬) কে প্রতিবেশী ছোরমান আলীর মেয়ে এলিজা (১২) মারপিট করে। মেয়ের মারপিটের বিচার চাইতে ছোরমানের বাড়ি গেলে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ছোরমানের ছেলে ই¯্রাফিল, ইউছব আলী ও রওশনের ছেলে রফিকুল গরু ব্যবসায়ি ওমর আলীকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে এবং তার সঙ্গে থাকা ১ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ওমরের স্ত্রী আকলিমা খাতুন স্বামীকে উদ্ধারে এগিয়ে এলে তাকেও এলোপাতারী মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় আহত গরু ব্যবসায়ি তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তাড়াশ থানার ডিউটি অফিসার এ এস আই নুর-নবী অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com