প্রেস বিজ্ঞপ্তি
শান্তিপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং টেকসই জীবন যাত্রার মান নিশ্চিত করতে র্যাব-১২ তার দায়িত্বপ্রাপ্ত এলাকার অভ্যন্তরে এবং বাইরে যেকোন ধরনের সন্ত্রাস, মাদক, ভেজাল ও জঙ্গীবাদী তৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বদা তৎপর। এরই ধারাবাহিকতায় গত ৮ জুন ২০২০ খ্রীঃ তারিখ অনুমানিক ০৭.৩০ ঘটিকায় মেহেরপুর জেলার সদর থানাধীন পেয়াদাপাড়া এলাকায় একটি জঙ্গীবাদ বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১২ ।
উক্ত অভিযানে সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লাহর দল এর একজন সক্রিয় সদস্য মোঃ মহিরুল ইসলাম (৩৫), (পিতা- মোঃ হাবিল উদ্দিন শেখ, সাং -পেয়াদাপাড়া, ০১ নং ওয়ার্ড , থানা- সদর , জেলা- মেহেরপুর কে গ্রেফতার করা হয়। র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছেঃ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে মেহেরপুর জেলার সদর থানাধীন এলাকায় কতিপয় উগ্রবাদী দলের সক্রিয় সদস্য একত্রিত হয়ে গোপন মিটিং করছে। তারা যেকোন মুহুর্তে জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ ব্যবহার করে দেশের আইন শৃংখলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটাতে পারে। অনতিবিলম্বে তাদের দুরভিসন্ধি নস্যাৎ করতে মাঠে নামে র্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ অভিযানিক দল। মেহেরপুর জেলার সদর থানাধীন পেয়াদাপাড়া থেকে গ্রেফতার করা হয় মহিরুল ইসলাম নামক ওই উগ্রবাদী দলের সদস্যকে। উল্লেখ্য যে, গ্রেফতার হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত মহিবুল ইসলাম মেহেরপুর জেলার আল্লাহর দল নামক সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন এর সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি নতুন সদস্য সংগ্রহ করেন, দলের জন্য নিয়মিত চাঁদা প্রদান এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে চাঁদা আদায় এর মত গুরত্বপূর্ণ কাজগুলো করতেন। এছাড়াও আল্লাহর দল এর সদস্যদের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে তিনি সকল সদস্যদের নিয়ে পিকনিকের আয়োাজন করতেন। অভিযান পরিচালনা কালীন সময়ে ৬টি উগ্রবাদী বই, ৫০টি উগ্রবাদী লিফলেট , উগ্রবাদী কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং ৫টি সিম উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মেহেরপুর জেলার সদর থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২) এর (ই) (ঈ)/৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com