লুৎফর রহমান : ঈদের চাঁদরাতে ভয়াবহ অগ্নিকান্ডে নিঃস্ব হয়ে গেলেন সিরাজগঞ্জের তাড়াশের অটো চালক সিরাজুল ইসলাম।
ঈদের পূর্ব দিন গত রোববার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া পশ্চিম পাড়ায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি তাড়াশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আব্দুল্লাহ আল মাহমুদ নিশ্চিত করেছেন। জানা গেছে, ওই রাতে বাড়ির বারান্দায় রাখা একটি ব্যাটারী চালিত অটো ভ্যানের ব্যাটারীতে বৈদুত্যিক চার্জ দেওয়ার সময় তা বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। সেই আগুন মুহুর্তের মধ্যে অটো চালক সিরাজুলের দুটি ঘরে লেগে পুরো বাড়িতে তা ছড়িয়ে পড়ে। এতে ওই অটো চালকের ঘরে রাখা একটি ব্যাটারী চালিত অটো, আসবাবপত্র, ধান, চাল, নগদ টাকা সহ ঘরে রাখা প্রায় ৭ লাখ মুল্যের সকল সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
এ খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট গ্রামবাসীদের সহযোগীতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বোয়ালিয়া গ্রামের বাসিন্দা ফারুক মহুরী জানান , তার বোন জামাইয়ের বাড়িতে রোববার রাতে ওই ভয়াবহ অগ্নিকান্ডে পরিবারটি নিঃস্ব হওয়ার পাশাপাশি বর্তমানে তারা পরিবার সহ খোলা আকাশের নিচে অবস্থান করছেন। আর তাদের ঈদের আনন্দ বলতে কিছুই রইলো না। আজ সোমবার সকালে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বাবুল শেখ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে কিছু নগদ অর্থ সহায়তা করেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com