চাটমোহর প্রতিনিধি : ‘প্রতিবেশীর পাশে প্রতিবেশী’-এ প্রতিপাদ্য নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ ও বিপর্যয় প্রতিরোধে কর্মহীন, ঘরে থাকা অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে পাবনার চাটমোহর অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজ।
গত শনিবার সকালে অরবিট্ল লিংক স্কুল চত্বরে মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। এ সময় সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, এই কর্মসূচীর মূল উদ্যোক্তা অরবিট্ল লিংক শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ এম এ মতিন, আলেয়া ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান, অধ্যক্ষ আলী হায়দার সরদার, প্রধান শিক্ষক আঃ গফুর, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, প্রভাষক জমিন উদ্দিন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মূল উদ্যোক্তা অধ্যক্ষ এম এ মতিন জানান, সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার প্রতিটি বাড়িতে সবজি পৌঁছে দেওয়া হবে। এ জন্য সবাইকে নিজের স্বার্থেই ঘরে থাকতে হবে। মূলতঃ বাজার ও জনসমাগম এড়িয়ে বাড়িতে থাকার জন্য চাটমোহর পৌরসভার ২ ,৩ ও ৪ নং ওয়ার্ডের একশ’ পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com