স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের তাড়াশের মাধাইনগর ইউনিয়নের ভাদাস গ্রামের এক কলেজ ছাত্র কর্তৃক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৬ ফেব্রুয়ারি দুপুরে ঐ কলেজ ছাত্রের বাড়িতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে ও ধর্ষণের শিকার ছাত্রীর পরিবারের ভাষ্য মতে, ভাদাস ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলামের ছেলে তাড়াশ জে.আই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী তানজিল আহমেদ (১৯) নবম শেণির ঐ স্কুল ছাত্রীকে (১৪) কৌশলে তাদের ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর প্রাণনাশের হুমকী দিয়ে তাকে ধর্ষণ করে। বাড়ি ফিরে ধর্ষণের বিষয়টি নিজ পরিবারকে জানায় মেয়েটি। ধর্ষণের কারণে অত্যধিক রক্ত ক্ষরণ হতে থাকলে পরিবার তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে প্রেরণ করেন। সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের কর্মরত চিকিৎসকরা জানান, অধিক রক্ত ক্ষরণ হওয়ায় মেয়েটির অবস্থা আশঙ্কাজনক।
তাড়াশের জে.আই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. সোলায়মান কবির ধর্ষণের বিষয়ে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।এদিকে ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বলেছেন, এই মুহুর্তে তার মেয়েকে সঠিক চিকিৎসা দিয়ে প্রাণে বাঁচাতে হবে। থানা-পুলিশ পরেও করা যাবে। এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com