-আবদুর রাজ্জাক রাজু
এতো মাদক আর এতো জুয়া
মানুষ নামের এরাই ভূয়া
কীভাবে চলে এই সমাজ
কারো কি আছে লেহাজ?
নীতি ধর্ম মুখে বলে
ভেতরে কুপথে চলে
শয়তানেরই আসল ভাই
অসাধ্য বলে কিছু নাই।
উপরে কেমন ফিটফাট
ভেতরে সব সদরঘাট
এই হল দেশের চেহারা
এর জন্য দায়ী কারা?
কেঁচো খুঁড়তে উঠছে সাপ
সর্বত্রই পাপ আর পাপ
এই পাপের দায় নেবে কারা
নিতে হবে শাসক যারা।
দেশটা করতে পরিস্কার
নাটের গুরুর সব দায়ভার
আইন-বিচার সব দুর্বল
অপরাধটা তাই প্রবল।
মিথ্যাচার আর কপটতা
দুর্নীতি আর অসততা
কবেই সীমা ছেড়ে গেছে
চোর-সাধু সবাই মেতেছে।
এমন দাগটা দিতে হবে
ভয়ংকর তার চিহ্ন রবে
সেই কাজ কে করে শুরু
সবাই বলে- গুরু ! গুরু !
কিন্তু গুরু যদি সবই করে
তবে শিষ্যরা আছে কিসের তরে ?
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com