সরকারি টাকায় নিজের পুকুরে সানবান্ধা ঘাট

Spread the love

স্টাফ রিপোর্টার : তাড়াশে এলজিএসপি প্রকল্পের টাকায় তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামানের বাড়ির পুকুরে সানবান্ধা ঘাট নির্মানের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ লঙ্ঘন করে শুধুমাত্র ব্যক্তিগত কাজে ব্যাবহারের জন্যই ঐ সানবান্ধা ঘাট নির্মান করা হয়েছে বলে মনে করছেন সকলে।

প্রকল্প তালিকা সূত্রে জানা গেছে, এলজিএসপি-৩, ২০১৭-১৮ অর্থবছরে সাধারণ মানুষের ব্যবহারের লক্ষে পুকুরে ঘাট ও সীঁরি নির্মানের জন্য ২ লাখ ৩২ হাজার, ১শ’ ৫৭ টাকা বরাদ্দ নেয় চেয়ারম্যান। বাস্তবায়নকাল ২০১৮-১৯।

সরেজমিনে দেখা যায়, উপজেলার তালম ইউনিয়নের তারাটিয়া গ্রামে চেয়ারম্যান বাড়ির পুকুরে নির্মান করা হয়েছে সানবান্ধা ঘাট। অথচ ঐ চেয়ারম্যান বাড়ি বা পুকুরের পাড় ঘেষে কোন বসতি পরিবারও নেই।

নাম প্রকাশ না করার শর্তে তারাটিয়া গ্রামের অনেকেই জানান, নিতান্তই ব্যক্তিগত প্রয়োজন আর বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য চেয়ারম্যান আব্বাস-উজ-জামান তার মায়ের নামে দলিলকৃত পুকুরে সানবান্ধা ঘাট নির্মান করেছেন।  ঐ পুকুরে গ্রামের কারো গোসল করা বা দৈনন্দিন কাজ করা চেয়ারম্যান পছন্দ করেন না।  এদিকে তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য প্রতিবেদককে বিশেষ অনুরোধ জানান। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এলজিএসপি প্রকল্পের সভাপতি মো. ওবায়দুল্লাহ বলেন,  এলজিএসপি প্রকল্পের টাকায় চেয়ারম্যান বাড়ির পুকুরে সানবান্ধা ঘাট নির্মাণের বিষয়টি তার জানা ছিলোনা। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। #

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD