চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার ফরিদপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী জিন্নাহ (৫০) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডেমরা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মোকাররম হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী জিন্নাহ উপজেলার বিলচাঁন্দক গ্রামের আলহাজ মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দিঘুলিয়া বাজারে সার ব্যবসা পরিচালনা করে আসছিলেন।নিহতের ছোট ভাই মো. লিয়াকত আলী জানান, বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর উপজেলা সদর থেকে মোটরসাইকেলে ডেমরা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। বাসস্ট্যান্ডে পৌঁছানোর আগে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (১৬ অক্টোবর) নিজ গ্রামে বিলচাঁন্দক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ বলেন, মামলার আসামি আটকের চেষ্টা করা হচ্ছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com