নিজস্ব প্রতিবেদকঃ
মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। আমি বিশ্বাস করি, প্রত্যেক মা একেকটি সুরভিত ফুল আর প্রতিটি ঘর একেকটি স্কুল।এমন মন্তব্য করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।
শনিবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কুন্দাশন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী আয়োজিত অভিভাবক ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক থেকে সন্তানদের দূরে রাখা, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ এবং সন্তানদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে মায়েদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহানশাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পুলিশ সুপার আরও বলেন, সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার থেকেই সন্তানের নৈতিক শিক্ষা ও দায়িত্ববোধের ভিত্তি গড়ে ওঠে। তাই সন্তানদের প্রতি মায়েদের যত্নশীল হওয়ার পাশাপাশি তাদের কর্তব্য সম্পর্কে সচেতন করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, তালম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ, অভিভাবক সদস্য মো. জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান নিরবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।সমাবেশে শিক্ষক, অভিভাবক ও মায়েরা অংশ নেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com