আশরাফুল ইসলাম আসিফ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে নবদম্পতিকে উপহার হিসেবে দেওয়া হয়েছে বিরল ও মহাবিপন্ন প্রজাতির বৃক্ষের চারা। প্রচলিত উপহারের পরিবর্তে পরিবেশবান্ধব এ আয়োজন অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার পারিল গ্রামে অনুষ্ঠিত এক বিয়ের অনুষ্ঠানে নবদম্পতি সাংবাদিক হাদিউল হৃদয় ও জান্নাতুল ফেরদৌসের হাতে চাপালিশ, বকুল, নিম ও পলাশসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেন ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’র পরিচালক মাহবুব ইসলাম পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম. আতিকুল ইসলাম বুলবুল, মো. সাজেদুল আলম, লেখক-গবেষক উজ্জল মাহাতো, মো. লুৎফর রহমান, এম.এ. মাজিদ, শামীউল হক শামীম, মৃণাল সরকার মিলু, মো. আশরাফুল ইসলাম আসিফ, সনাতন দাশ ও মুশফিকুর রহিম ফাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, তাড়াশ উপজেলার পারিল গ্রামের বাসিন্দা মো. আব্দুল লতিফের ছেলে ও সাংবাদিক হাদিউল হৃদয়ের সঙ্গে পাশ্ববর্তী দেওড়া গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের মেয়ে মোছা. জান্নাতুল ফেরদৌসের বিয়ে সম্পন্ন হয়। সেই আনন্দঘন অনুষ্ঠানে পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পক্ষ থেকে বৃক্ষের চারা উপহার দেওয়া হলে উপস্থিত সবার মাঝে ভিন্নধর্মী এক আবহের সৃষ্টি হয়।
বিয়ের অতিথি ও বরযাত্রীরা বিরল প্রজাতির এসব চারা দেখতে ভিড় করেন এবং উদ্যোগটির ভূয়সী প্রশংসা করেন।
পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পরিচালক মাহবুব ইসলাম পলাশ বলেন, “বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষের চেয়ে ভালো উপহার আর হতে পারে না। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বিলুপ্তপ্রায় বৃক্ষ সংরক্ষণে মানুষকে সচেতন করতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।”
লেখক-গবেষক উজ্জল মাহাতো বলেন, “বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী উপহার সত্যিই প্রশংসনীয়। পরিবেশ রক্ষায় সমাজের প্রতিটি মানুষকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন।”
এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাহবুব ইসলাম পলাশ তাড়াশ উপজেলার ক্ষিরপোতা আনন্দ বৌদ্ধ বিহার, মাধাইনগর মিশনারি চার্চ, উপজেলা মডেল মসজিদ এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির চত্বরে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বিয়ের অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।#
চলনবিল বার্তা chalonbeelbarta.com